বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানান, শুক্রবার (০৬ নভেম্বর) গোপন সংবাদে সকাল থেকে বিকাল পর্যন্ত বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৭৮টি শাড়ী, ৩৮টি কম্বল, ৮টি চাদর, ১টি থ্রী-পিস, সাড়ে ৪ কেজি জিরা, ২৭ প্যাকেট ফুসকা, সাড়ে ১৩ কেজি কিসমিস, ২ কেজি কাজু বাদাম, ১১৩৯টি চকলেট, ২১টি খাদ্য সামগ্রী, ১২০টি মোবাইলের ডিসপ্লে ও ১৩৩৬টি বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২১ লাখ ৭৫ হাজার টাকা বলে জানায় বিজিবি। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।
কমান্ডিং অফিসার আরও জানান, চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির এধরণের অভিযান অব্যাহত থাকবে।


















