বলিউড অঙ্গনের প্রতারক কিংবা ‘কনম্যান’ হিসেবে পরিচিত সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় সাক্ষী হিসেবে ভারতের দিল্লির আদালতে হাজির হতে হয়েছে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে। মামলার তদন্তে আগে থেকেই তার নাম এসেছে। তবে শুক্রবার (৬ নভেম্বর) আদালতে নিজের বক্তব্য দিতে গিয়ে উঠে আসে ভারতে তার অবস্থানের প্রসঙ্গও। নোরা জানান, টি-সিরিজের সঙ্গে কাজের জন্য ভিসা নিয়ে ভারতে রয়েছেন তিনি। একই সঙ্গে চেন্নাই সফর ও সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতকে জানান অভিনেত্রী।
মরক্কোর বংশোদ্ভূত কানাডীয় নাগরিক নোরাকে এর আগে দুইবার তলব করেছিল আদালত। চলতি মাসের শুরুতে তার আইনজীবী হাজিরা থেকে অব্যাহতি চাইলে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল। আদালতকে অবহেলা না করারও সতর্কতা দেন তিনি।
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোর্টিস হেলথকেয়ারের কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতির কাছ থেকে স্বামীর জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই অর্থ হাতিয়ে নেন সুকেশ ও তার সহযোগীরা।
সুকেশ ও তার স্ত্রীর সঙ্গে যোগাযোগের বিষয়ে নোরাকেও জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরে সম্পূরক অভিযোগপত্রে তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। পুলিশের দাবি, নোরা ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। ২০২২ সালে তাকে একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করেননি বলে জানিয়েছিলেন নোরা।


















