যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। জানা গেছে-তারা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা যশোরের চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাকপাড়া মহল্লার নাজমুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে নয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন প্রেমিকা মিথিলা। পথে টালিখোলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক মহেশপুরের দিকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার আগেই অ্যাম্বুলেন্সের মধ্যে মিথিলার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


















