Advertisement

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় ৯ জন আরোহী নিয়ে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সবাই প্রাণ হারিয়েছেন।

রবিবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে পাম বিচ কাউন্টির গ্রিনএকরস এলাকার একটি আবাসিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৬০ মডেলের একটি ব্যক্তিগত জেট। এটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ৯ জন আরোহী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।

দুর্ঘটনার সময় ছিল স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে। উড়োজাহাজটি গ্রিনএকরসের ক্রেস্টহেভেন এলাকার কাছে মিলিটারি ট্রেইল ও টেনথ অ্যাভিনিউ নর্থের আশপাশে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে এবং সড়কে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়।

শেষ মুহূর্তে পাইলটের জরুরি বার্তা

দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগের বিবরণে উঠে এসেছে আতঙ্কজনক পরিস্থিতি।

বিমান চলাচলবিষয়ক সংবাদমাধ্যম অ্যাভিয়েশন ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাইলট প্রথমে উড়োজাহাজে মাঝারি মাত্রার টার্বুলেন্স, বৃষ্টিপাত এবং বরফ জমার পরিস্থিতির কথা জানান।

এরপর পাইলট আরও ভালো আবহাওয়া ও তুলনামূলক স্থিতিশীল উড্ডয়ন পরিস্থিতির সন্ধান করছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই উড়োজাহাজটির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পাইলট জানান, উড়োজাহাজটি প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নেমে যাচ্ছে।

পরবর্তী বার্তায় তিনি জানান, বিমানটি অতিরিক্ত গতিতে রয়েছে এবং প্রতি মিনিটে ২০ হাজার ফুট গতিতে নিচে নামছে।

শেষ পর্যায়ে পাইলটের কণ্ঠে শোনা যায় চরম আতঙ্ক। তিনি বলেন, ‘আমাদের হাতে আর সময় নেই।’

এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে বারবার পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আর কোনো সাড়া পাওয়া যায়নি।

দুর্ঘটনাস্থল একটি আবাসিক এলাকা ও মোবাইল হোম কমিউনিটির কাছে। উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের বাড়িঘর ও সড়কে ছড়িয়ে পড়ে উড়োজাহাজের ধ্বংসাবশেষ।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনার পর আশপাশের প্রায় ৬০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে উড়োজাহাজের আরোহীদের বাইরে মাটিতে থাকা কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, উড়োজাহাজটি অত্যন্ত দ্রুতগতিতে নিচের দিকে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন