Advertisement

মেঘনায় জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট

মেঘনায় জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট
 চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌপুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান পানিতে ডুবে গেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে ষাটনলের সটাকি লঞ্চঘাটের প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায় এবং পুলিশের একটি শটগান পানিতে ডুবে গেছে। চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। শটগান উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে। এদিকে, মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪ মামলায় মোট ২৮ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ ও মৎস্য বিভাগ। এর মধ্যে চাঁদপুর সদর নৌপুলিশের অভিযানে ১৪ জন এবং মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়। বাকি চারজনকে অন্য ফাঁড়ির অভিযানে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। অন্যদিকে, অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জনপ্রিয়