Advertisement

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, মদ-নারীসহ আটক ৮৪

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, মদ-নারীসহ আটক ৮৪

রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবীর।  ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, ওই বাড়িটি পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। পাশাপাশি চলত ডিজে পার্টি।

ডিবি সূত্র জানায়, রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেয়া হতো। বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৮৪ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

ডিবি জানিয়েছে, অভিযান চালানো বাড়িটির মালিক পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। বিসিএস ২৪তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত রয়েছেন। এর আগে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে ডিবির অভিযান চালানোর বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকলের সাড়া দেননি। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।